ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে কারচুপির দায়ে আপেল মাহমুদ নামে এক মাছ বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আনন্দ বাজারের মাছের আড়তে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, জেলা শহরের শহরের আনন্দবাজারে মাছের পাইকারি ও খুচরা আড়তে অভিযান পরিচালনাকালে দেখা যায় আপেল মাহমুদ নামে একজন ইলিশ মাছ বিক্রেতা তার কাছে থাকা ওজন পরিমাপক যন্ত্রটিতে বিশেষ ব্যবস্থায় কারচুপির মাধ্যমে ক্রেতাদের কৌশলে ওজনে কম দিচ্ছিলেন। ওজন পরিমাপক যন্ত্রের ভেতর মেশিনের সঙ্গে একটি রাবার ও রশি দিয়ে সংযুক্ত করে অপরপ্রান্তে গামছার আড়ালে বিক্রেতার হাতের কাছে থাকত। এঅবস্থায় বিক্রেতা রশিটি টান ও ঢিল করার মাধ্যমে খুব সহজে ইচ্ছামত ওজন নিয়ন্ত্রণ করতো।
তিনি জানান, পরে মাছ বিক্রেতা আপেল মাহমুদ তার দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং আপেল মাহমুদ ভবিষ্যতে এরকম কারচুপি করবে না বলে স্বীকার করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।