দুদকের মামলায় গ্রেপ্তার হওয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরখাস্ত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) এবিষয়ে জানাজানি হয়। ৬ সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়, মিল্টন দস্তিদার বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনেরে সময় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়।

এরপর পুলিশ মিল্টন দস্তিদারকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে ২৩ জুলাই তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। এ অবস্থায় সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এবিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হিরামনি বলেন, অনিয়ম ও দুর্নীতি কারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার হয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে কারাগারে পাঠায় বলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে।

তিনি বলেন, সে অনুযায়ী আমরা একটি অফিস আদেশের মাধ্যমে তার সকল কার্যক্রম স্থগিত করেছি এবং তার স্থানে নতুন এক কর্মকর্তার পদায়নও করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।