বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জিডি ট্রফির প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-১৯ দল। আজ মিরপুরে অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হলেও লিগ পর্বের ৪ ম্যাচের মধ্যে সর্বোচ্চ ৩টি জয় নিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় শিরোপা জিতেছে অনূর্ধ্ব-১৯ দল। যদিও আজ ম্যাচ শেষ করার সবরকম চেষ্টা করেছিল বিসিবি। দিনের ম্যাচ হলেও ফ্লাডলাইটের আলোর নিচে অনেকক্ষণ খেলা হয়। তবে দ্বিতীয় দফায় বৃষ্টি হলে খেলা আর মাঠে গড়ায়নি। এতে চ্যাম্পিয়ন হয় অনূর্ধ্ব-১৯ দল।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া অনূর্ধ্ব-২৩ দল শুরুতেই চাপে পড়ে। ওপেনিং জুটিতে আদিল বিন সিদ্দিক ও আজিজুল হাকিম তামিম মিলে মাত্র ৮ রান যোগ করেন। ১৭ বলে ৬ রান করে ফেরেন আদিল। এরপর আজিজুলের সঙ্গে জুটি গড়েন কালাম সিদ্দিকী অলিন। তবে ব্যক্তিগত ১৫ রানের বেশি এগোতে পারেননি আজিজুল। ২৯ বলে এই রান করে সাজঘরে ফেরেন তিনি। রিজান হোসাইনও টিকতে পারেননি, ২ বল খেলেই রানের খাতা না খুলে আউট হন। পরে ৫৪ বলে ২৪ রান করে বিদায় নেন অলিন।
মিডল অর্ডারে দলের হাল ধরেন মোহাম্মদ আব্দুল্লাহ। আগের ম্যাচে সেঞ্চুরি করা এই ব্যাটার এদিনও দারুণ ছন্দে ছিলেন। তবে অর্ধশতকের মাত্র তিন রান আগে থামতে হয় তাকে। ৫৪ বলে ৪৭ রান করেন আব্দুল্লাহ। এরপর আহরার আমিন পিয়ান ও দেবাশীষ সরকার দেবা মিলে ইনিংস সামাল দেন। দুজনের ব্যাটে একদিকে যেমন নিয়মিত স্ট্রাইক বদল হয়েছে, অন্যদিকে এসেছে বেশ কিছু দৃষ্টিনন্দন শট। তবে তারাও ফিফটি পূর্ণ করতে পারেননি। আহরার ৬১ বলে ৪৬ এবং দেবাশীষ ৪১ বলে ৪৩ রান করেন।
শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বির আক্রমণাত্মক ৩১ রানের ইনিংস অনূর্ধ্ব-২৩ দলকে আড়াইশর কাছাকাছি নিয়ে যায়। ২৬ বলে ৩১ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২৪৫ রানে গুটিয়ে যায় অনূর্ধ্ব-২৩ দল। অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল তাফিউল আলম তামিম। একাই ছয়টি উইকেট নিয়েছেন তিনি। শেখ আতিকুর রহমান পেয়েছেন তিন উইকেট। আর একটি উইকেট শিকার করেছেন আল রাফি।
জবাব দিতে নামা অনূর্ধ্ব-১৯ দলের ইনিংসে বারবার বাগড়া দিয়েছে বৃষ্টি। সবকিছু সামলে ১৭ ওভার ২ খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৯৯ রান তোলে অনূর্ধ্ব-১৯ দল। এরপর আবার বৃষ্টি নামলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১৯ বলে ২০ রান করেছেন আব্দুল্লাহ আল মুহি। ১৫ বলে ২৯ রানের ক্যামিও খেলেছেন ফারহান সাদিক। ২৭ বলে ২৪ রান করেন আহসান আল মুমিন