নবীনগরে ছাত্রলীগের সাবেক নেতা ডলার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এ বি এম রাশেদুল হাসান ওরফে ‘ডলার’ নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার রাশেদুল হাসান ডলার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুরের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নবীনগর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নবীনগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাশেদুল হাসানকে একটি রাজনৈতিক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলাটির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী। তিনি জানান, এ বি এম রাশেদুল হাসানকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বুধবার (৯ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। বুধবার তাকে বিজ্ঞ আদালতে হাজির করার পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।