দক্ষিণবঙ্গ পূর্ব-পশ্চিম মহাসড়ক নির্মাণের দাবিতে সংসদে মনোযোগ আকর্ষণী নোটিশ

জাতীয় সংসদের চলতি অধিবেশনে দেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ থেকে বেনাপোল পর্যন্ত নিরবচ্ছিন্ন পূর্ব-পশ্চিম মহাসড়ক/করিডোর নির্মাণের দাবি জানিয়ে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ উত্থাপন করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্পিকারের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই নোটিশ দেওয়া হয়।

নোটিশে সংসদ সদস্য নূরুল ইসলাম উল্লেখ করেন, বর্তমানে দক্ষিণাঞ্চলের পূর্ব-পশ্চিম যোগাযোগব্যবস্থা মূলত পদ্মা সেতু ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককেন্দ্রিক। এর ফলে দক্ষিণাঞ্চল থেকে চট্টগ্রাম বা কক্সবাজার যাতায়াত করতে গিয়ে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হয়।

প্রস্তাবিত মহাসড়কটি টেকনাফ-কক্সবাজার-চট্টগ্রাম-ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-বাগেরহাট-খুলনা-যশোর রুটে নির্মিত হলে রাজধানী ঢাকাকে এড়িয়ে সরাসরি আন্তঃযোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এতে ভোলাসহ নদীবেষ্টিত উপকূলীয় বিচ্ছিন্ন অঞ্চলগুলো মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে এবং দীর্ঘদিনের ফেরিঘাটের দুর্ভোগ লাঘব হবে।

নোটিশে আরও বলা হয়, দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দরের সঙ্গে মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরের সরাসরি ও দ্রুত সংযোগ তৈরি হলে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম অনেক সহজ ও সাশ্রয়ী হবে। এর ফলে বিনিয়োগকারীরা উপকূলীয় এলাকায় শিল্পকারখানা স্থাপনে উৎসাহিত হবেন এবং স্থানীয় পর্যায়ে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে, যা জাতীয় প্রবৃদ্ধিতে (জিডিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়টি অত্যন্ত জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।