চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। একই আদালত গত ২৭ আগষ্ট বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড মন্জুর করেন। গত ২০ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
রিমান্ড ফেরত প্রতিবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আবার ডনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড নেওয়া হতে পারে। মামলার প্রকৃত রহস্য উদঘাটন হওয়ার সম্ভব হয়নি, ডন অত্যন্ত সুকৌশলী ও ধূর্ত প্রকৃত লোক সুকৌশলে সকল প্রশ্ন এড়িয়ে গেছেন। তাকে পুনরায় পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে মামলার ঘটনায় জড়িত অপরাপর সহযোগী আসামিদের অবস্থান নির্ণয় করা সম্ভব হয়নি।
গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। ১২ আগস্ট জামিন আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দেয়।
গত বছরের ২০ অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় এ হত্যা মামলাটি করেন।
মামলার অপর আসামিরা হলেন- সালমান শাহের সাবেক স্ত্রী সামীরা হক, সামীরা হকের মা লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।