চবিতে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন, অংশ নেবেন ২৪ দেশের গবেষক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন। ‘পরিবর্তনশীল বিশ্বে নিয়মভিত্তিক বৈশ্বিক ব্যবস্থা পুনর্বিবেচনা: মধ্যম ও ছোট রাষ্ট্রগুলোর ভূমিকা’ শীর্ষক দুই দিনব্যাপী এ সম্মেলন আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হবে।
 
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির কক্ষে এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত। 
 
হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ-বাংলাদেশ সেন্টার (আরসিএএসবিসি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ যৌথ উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হবে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত, সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ নিয়াজ মোরশেদ এবং সাবেক উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। 
 
আয়োজকরা জানান, সম্মেলনে বিশ্বের ২৪টি দেশ থেকে ৪৫৭টি রিসার্চ এভাস্ট্রাক্ট জমা পড়েছে। এতে ৮০০-এর বেশি গবেষক ও লেখক এবং বিশ্বের ১২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও থিংক ট্যাংকের প্রতিনিধিত্ব রয়েছে। যাচাই-বাছাই শেষে ২০০টির বেশি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। 
 
সম্মেলনে পাকিস্তানের অধ্যাপক জাহিদ আনোয়ার, শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অধ্যাপক জয়ানাথ কলম্বেজ, সাবেক কূটনীতিক রাষ্ট্রদূত হুমায়ুন কবির ও অধ্যাপক ইমতিয়াজ এ. হোসেনসহ দেশি-বিদেশি শিক্ষাবিদ, কূটনীতিক ও গবেষকরা অংশ নেবেন। পাশাপাশি ভার্চুয়াল সেশনগুলোতে বিদেশ থেকে প্রায় ৪৫টি গবেষণাপত্র উপস্থাপিত হবে।
 
সম্মেলনে পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক শাসনব্যবস্থা, শক্তির ভারসাম্য এবং মধ্যম ও ছোট রাষ্ট্রগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হবে।
 
সংবাদ সম্মেলনে এই কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত বলেন, এ সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, কূটনীতিক ও নীতিনির্ধারকদের মধ্যে জ্ঞান ও গবেষণা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে। আমরা আশা করি এই আন্তর্জাতিক সম্মেলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং তাদেরকে রিসার্চ-মুখী করবে।