খুলনা নগরীতে মোস্তাকিন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড় ৯টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় মোস্তাকিনকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোস্তাকিন খুলনা সদর থানার আলকাতরা মিলের পাশের এলাকার বাসিন্দা শহিদুলের ছেলে। কে বা কারা এবং কী কারণে মোস্তাকিনকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহত মোস্তাকিন কী করতেন, সে বিষয়টিও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।