হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের হামলায় ইউপি মেম্বার নিহত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য মুলাম হোসেন (৫০) নিহত হয়েছেন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে কালিশংকরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মুলাম হোসেন কালিশংকরপুর গ্রামের বাসিন্দা ও জোড়াদহ পরিষদের ইউপি সদস্য ছিলেন।

স্থানীয়দের ধারণা, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের সঙ্গে ইউপি সদস্য মুলাম হোসেনের বিরোধ থাকতে পারে। রাতে কালিশংকরপুর বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন মুলাম হোসেন। সেসময় প্রতিপক্ষ তাকে পথে গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুলাম হোসেন ভায়না ইউনিয়নের একজন নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত মুলামের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্মকর্তা।