ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ পরিচালনা করবে সরকার। আগামী শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত জরুরি মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
উদ্বোধনী কর্মসূচি সমন্বয়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিলটনকে যুগ্ম আহ্বায়ক করে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় পর্যায় থেকে জেলা ও মাঠপর্যায়ে প্রচার-প্রচারণায় সহযোগিতা করবে।
মীর শাহে আলম বলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার দেশের ৬৪ জেলা ও ৫০৩ উপজেলাসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও মহানগর পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্রাশ প্রোগ্রাম চালানো হবে। এডিস মশার লার্ভা উৎপন্ন হতে পারে এমন স্থান চিহ্নিত করে পরিষ্কারের পাশাপাশি সাধারণ ময়লা-আবর্জনাও অপসারণ করা হবে।
তিনি বলেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এডিস মশার প্রজনন বাড়ায় এ সময়ে ডেঙ্গুর প্রকোপও বাড়তে পারে। তাই রোগীদের চিকিৎসার পাশাপাশি এবার এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৩৭ জনের মৃত্যু এবং প্রায় ৩ হাজার রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্যও তিনি জানান।
প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি কলেজ, হাইস্কুল ও মাদ্রাসাকে কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতি শনিবার নির্ধারিত এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন। নর্দমা, খাল, পুকুরের কচুরিপানা, খেলার মাঠসহ এডিস মশার প্রজননস্থল হতে পারে এমন স্থানগুলো অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় জেলা পর্যায়ের হাসপাতালগুলোয় পাঁচটি করে শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী এ সংখ্যা বৃদ্ধি করা হবে।
পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর : পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ নিয়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। গতকাল বুধবার সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।