হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা-ভূমিধসের দুই সপ্তাহ না পেরোতেই ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানল নেপালে। ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসজি) তাদের বিবৃতিতে বলেছে, গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৩৮ মিনিটে হয়েছে এ ভূমিকম্প। কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪৩ কিলোমিটার গভীরে। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি ভূমিকম্পটি ৫ মাত্রার ছিল বলে জানিয়েছে। দেশটিতে আকস্মিক বন্যার ধাক্কা ল-ভ- হয়ে যাওয়া অঞ্চলগুলোতে এখনো উদ্ধার তৎপরতা চলছে। কাদা-পাথর-জঞ্জালের স্তূপ থেকে এখনো উদ্ধার হচ্ছে মরদেহ। তবে ভূমিকম্প বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমবাহধস থেকে আকস্মিক বন্যায় নেপালের সড়ক, সেতু, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্র্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৬৭ জনে দাঁড়িয়েছে। এখনো ৫ হাজার ৩২৬ জন নিখোঁজ রয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে এই দুর্যোগে ৪৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫১৯ জন। নেপালে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে শত শত জলবিদ্যুৎকেন্দ্রের কর্মী রয়েছেন। দুর্যোগের নবম দিন ত্রিশূলী ৩ এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই জনকে জীবিত উদ্ধার করা হয়।