ভোলায় নদীর পাড় ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২

ভোলা সদর উপজেলায় নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় হঠাৎ পাড় ধসে নদীতে পড়ে। এ সময় পাঁচ বন্ধুর মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তীব্র স্রোতে নিখোঁজ হন মো. আমজাদ (২৬) ও মো. রাকিব (১৮)।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাটসংলগ্ন বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ আমজাদ ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে। তিনি বিজিবির সদস্য। অপর নিখোঁজ রাকিব শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাবুলের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সন্ধ্যার পর পাঁচ বন্ধু মেঘনা নদীর তীরে বালুভর্তি জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ জিওব্যাগসহ নদীর পাড়ের বড় একটি অংশ ধসে পড়লে পাঁচজনই নদীতে পড়ে যান। পরে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আমজাদ ও রাকিব স্রোতের টানে তলিয়ে যান।

নিখোঁজ আমজাদের স্বজনরা জানান, প্রায় দুই মাস আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে ঘুরতে যান। সন্ধ্যার পর নদীতে নিখোঁজ হওয়ার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন।

রাকিবের স্বজনরা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে আড্ডা দিতে গিয়েছিলেন তিনি। পাড় ধসে নদীতে পড়ে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

শিবপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. মনজুর আলম জানান, খবর পেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বিষয়টি জানান। পরে কোস্ট গার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে এসে নদীতে তল্লাশি চালায়। কিছুক্ষণ চেষ্টা করেও নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ দুই যুবকের সন্ধানে তল্লাশি চলছে।