কোচিংয়ে আখরোট খেয়ে অসুস্থ ৭ ছাত্রী! হাসপাতালে ভর্তি

বরগুনার আমতলীতে সহপাঠির কাছে থেকে আখরোট খেয়ে একটি কোচিং সেন্টারের সাত ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার ২নম্বর ওয়ার্ডে মহিলা কলেজ রোডে অবস্থিত উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

অসুস্থ ছাত্রীরা হলেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী এলমা (১৩), সামিয়া (১৩), মিম (১৩), ফাতেমা (১৩), তানিয়া (১৩), উর্মি (১৩) মরিয়ম (১৩)।

অভিভাবক জানায়, প্রাইভেট উদয়ন মাধ্যমিক বিদ্যালয়টিতে দিনে ক্লাস এবং রাতে কোর্চিংয়ের ক্লাস চলে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কোর্চিং চলাকালীন আবির (১৩) নামের এক ছাত্র তার সহপাঠী সাত ছাত্রীকে আখরোট (বাদাম) খেতে দেয়। আখরোট খাওয়ার সঙ্গে সঙ্গে সাত শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তারা বমি করা শুরু করে এবং কারো কারো খিচুরি দেখা দেয়।

শিক্ষার্থী ফাতেমার বাবা আবুল হোসেন মেয়ের অসুস্থতার জন্য উদ্বিগ্ন হয়ে ওই ঘটনার বিচার দাবি করেছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান নান্নু বলেন, কি কারনে এরকম ঘটনা ঘটেছে তা আমরা এখনও বুঝতে পারছি না। তবে আবির নামে এক শিক্ষার্থী অসুস্থ শিক্ষার্থীদের আখরোট খেতে দিয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলাইমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভেন্দু রায় শুভ জানান, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল চিকিৎসা দেওয়া হয়েছে। কি কারণে এরকম ঘটনা ঘটেছে তা প্যাথলজিক্যাল পরীক্ষার পরে বলা যাবে।