ইয়েমেনে সৌদি বিমানবাহিনীর ৪০টি বিমান হামলা

ইয়েমেনের চারটি প্রদেশে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ৪০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের যুদ্ধবিমান। এর মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় আল-হুদায়দাহ প্রদেশে নয়টি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা। খবর আনাদোলু এজেন্সির। 

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সাবা জানায়, আল-জওফ প্রদেশের আল-হাজম ও আল-গাইল জেলায় ১০টি বিমান হামলা চালানো হয়। এ ছাড়া মারিব প্রদেশের আল-জুবাহ জেলায় চালানো হয় তিনটি হামলা।

প্রতিবেদনে আরও বলা হয়, তাইজ প্রদেশের মাওজা, মাকবানাহ, মোখা জংশনসহ বিভিন্ন এলাকায় ১৮টি বিমান হামলা চালানো হয়েছে।

আল-হুদায়দাহ প্রদেশে আল-সালিফ ও আল-তুহাইতা জেলা এবং কামারান দ্বীপে নয়টি হামলা চালানো হয়।

এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। এ প্রতিবেদন নিয়ে সৌদি আরবের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে।