ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৮ ঢাবি শিক্ষার্থী

তিন বছর বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের মেধাবী শিক্ষার্থীদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২১, ২০২২ ও ২০২৩ সালের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হবে।

এ উপলক্ষে আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

তিনি জানান, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি এবং তাদের আরও ভালো ফলাফলে উৎসাহিত করার উদ্দেশ্যে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া, গবেষণা ও প্রকাশনার জন্য শিক্ষকদেরও ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। গেস্ট অব অনার হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত পরিসংখ্যান অনুযায়ী, এবার মোট ৪৮ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন। এর মধ্যে ১৭ জন ছাত্র এবং ৩১ জন ছাত্রী। এবছর ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। তন্মধ্যে ২০১৭-১৮ সেশন থেকে ১৪ জন, ২০১৮-১৯ ও ২০১৯-২০ সেশন থেকে ১৭ জন করে ৩৪ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। এর আগে সর্বশেষ ২০২০ সালে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল।

অনুষ্ঠান শেষে অধ্যাপক মোজাফফর আহমদ মিলনায়তনে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে।