মক্কা চুক্তিতে এই মুহূর্তে অন্য কোনো দেশকে নেওয়া হচ্ছে না: পাকিস্তান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এই মুহূর্তে নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে পাকিস্তান। এ বিষয়ে কোনো আলোচনাও চলছে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। খবর বিবিসি বাংলার। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামাবাদে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার এ কথা জানান।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বর্তমানে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক এই জোটের অংশ। তিন দেশ বিভিন্ন পর্যায়ে নিয়মিত বৈঠক ও পরামর্শ করছে এবং পারস্পরিক যোগাযোগ বজায় রাখছে।

তবে চুক্তি সম্প্রসারণ বা নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বর্তমানে বিবেচনায় নেই বলে জানান তিনি।

সাজ্জাদ হায়দার বলেন, প্রথমে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় তিন দেশের বিদ্যমান সহযোগিতা ও সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা প্রয়োজন। ভবিষ্যতে একই ধরনের দৃষ্টিভঙ্গি ও প্রয়োজন রয়েছে—এমন অন্য দেশগুলোর জন্য জোটে যোগদানের সুযোগ তৈরি হতে পারে।

এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত তিন দেশ পারস্পরিক আলোচনার মাধ্যমে নেবে বলেও জানান তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, বর্তমানে নতুন দেশ অন্তর্ভুক্তির বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। ফলে এই পর্যায়ে চুক্তি সম্প্রসারণের প্রশ্ন তোলাও সময়ের আগে হয়ে যায়।