এসেছে মেটার নতুন এআই এজেন্ট ‘মিউজ’

ব্যবহারকারীর হয়ে অনলাইনে কেনাকাটা, ভ্রমণ বুকিং, ই-মেইল পাঠানো, ফরম পূরণ এবং দর-কষাকষির মতো কাজ করতে সক্ষম ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ‘মিউজ’ উন্মোচন করেছে মেটা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নতুন এই এআই এজেন্ট চালুর ঘোষণা দেয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। মেটার দাবি, শুধু প্রশ্নের উত্তর দেওয়ার বদলে মিউজ ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে।

কোনো নির্দিষ্ট কাজ বা বড় কোনো লক্ষ্য নির্ধারণ করে দিলে মিউজ নিজেই ব্যক্তিগত পরিকল্পনা তৈরি করে কাজ চালিয়ে যেতে পারে। এমনকি ব্যবহারকারী অ্যাপ বন্ধ করে দিলেও এজেন্টটি কাজ চালিয়ে যাবে।

পরিস্থিতির পরিবর্তন হলে বা ব্যবহারকারীর অনুমোদনের প্রয়োজন হলে মিউজ আবার সক্রিয় হবে। ই-মেইল পাঠানো বা কোনো পণ্য কেনার মতো সংবেদনশীল কাজের আগে ব্যবহারকারীর অনুমতি নেবে এটি।

মিউজ কাজ করে মেটার তৈরি ‘সিকিউর ভিএম’ ব্যবস্থার মাধ্যমে। এটি ক্লাউডে থাকা একটি আলাদা ভার্চুয়াল কম্পিউটার, যেখানে নিজস্ব ব্রাউজার রয়েছে। এর মাধ্যমে মিউজ বিভিন্ন ওয়েবসাইট ও সংযুক্ত সেবায় কাজ করতে পারে।

মিউজের ইন্টারনেট ও সংযুক্ত সেবায় প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করবে ‘সেন্টিনেল’ নামের আরেকটি এআই এজেন্ট। কোনো কাজ করা যাবে কি না, সেটি বন্ধ করে দিতে হবে কি না অথবা ব্যবহারকারীর অনুমোদন প্রয়োজন কি না—সেন্টিনেল তা নির্ধারণ করবে।

ব্যবহারকারীরা চাইলে মিউজ কোন কোন সেবায় প্রবেশ করতে পারবে এবং সেখানে কী ধরনের কাজ করতে পারবে, তা নির্ধারণ করে দিতে পারবেন। মেটা জানিয়েছে, মিউজ ব্যবহারকারীর পাসওয়ার্ড বা পেমেন্টের তথ্য দেখতে পারবে না। এজেন্টটির করা কাজের বিস্তারিত রেকর্ডও সংরক্ষিত থাকবে।

মেটা আরও জানিয়েছে, মিউজের ভার্চুয়াল মেশিনে সংরক্ষিত কথোপকথন ও তথ্য তাদের বিজ্ঞাপন ব্যবস্থার সঙ্গে শেয়ার করা হবে না। পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে তাদের মিউজ ব্যবহারের তথ্য মেটার এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার না করার সুযোগ পাবেন।

ব্যবহারকারীর ব্যক্তিগত হিসাব ও তথ্যের প্রবেশাধিকার স্বয়ংক্রিয় এআই এজেন্টকে দেওয়ার নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যখন নানা প্রশ্ন উঠছে, তখনই মিউজ চালু করল মেটা।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য মিউজ চালু করা হয়েছে। এটি আলাদা অ্যাপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। ভবিষ্যতে মেটার এআই চশমাতেও এর সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।