নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী মারুফা আক্তারকে হত্যার দায়ে স্বামী আব্দুর রহিম খাঁনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম খাঁন (৩৩) বরিশালের মুলাদী থানার বাহাদুপুর এলাকার মৃত ধলু খানের ছেলে। নিহত মারুফা আক্তার বরিশালের কোতোয়ালি থানাধীন রাজারচর এলাকার মো. ইব্রাহীম মুন্সীর মেয়ে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (মাসুম) বলেন, ২০২২ সালের ১৩ জুন পারিবারিক কলহের জেরে রূপগঞ্জের রসুলপুর এলাকার একটি ভাড়া বাসায় আব্দুর রহিম খাঁন তার স্ত্রী মারুফা আক্তারকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেন।

এ ঘটনায় নিহত মারুফা আক্তারের বাবা ইব্রাহীম মুন্সী রূপগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় ঘোষণা করেন।