মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেসি ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগম দম্পতির মেয়ে।
মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুটও পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘সবাই আমারে মাফ করে দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না।’
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার পর নিজ কক্ষে যান জেসি। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর পরিবারের লোকজন মরদেহ নামিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য তা মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের চাচা কামাল হোসেন চৌধুরী বলেন, সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার পর জেসি নিজ কক্ষে যায়। পরে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় বলেন, নিহতের পরিবারের দাবি, সে ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করেছে। একটি চিরকুটও পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন।