ফেলে রাখা হয়েছে শত শত ডাস্টবিন: ক্ষুব্ধ হয়ে বাবরের প্রশ্ন ‘হোয়াট ইওর প্রবলেম’!

নেত্রকোনার মদন পৌরসভায় বিতরণ না করেই ফেলে রাখা হয়েছে শত শত ডাস্টবিন। এই অবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পৌর কর্মকর্তাকে প্রশ্ন করলেন ‘হোয়াট ইওর প্রবলেম’?

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন সহ বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই সময় মদন পৌরসভা কার্যালয় পরিদর্শনে গিয়ে ভগ্নদশা আর শত শত ডাস্টবিন অহেতুক ফেলে রাখায় ক্ষুব্ধ হন তিনি।  

এই সময় তিনি মদন পৌরসভার এক কর্মকর্তার কাছে জানতে চান ডাস্টবিন গুলো কবে এসেছে। উত্তরে ওই কর্মকর্তা বলেন, ২০২৪ সালে ডাস্টবিন গুলো মদন পৌরসভায় পৌঁছায়। কিন্তু এতদিনেও কেন তা বিতরণ করা হয়নি তা নিয়ে ক্ষুব্ধ হন লুৎফুজ্জামান বাবর। 

তিনি বলেন, আওয়ামী লীগ গিয়েছে দুই বছর হয়েছে। ডাস্টবিন গুলো কেন ফেলে রাখা হয়েছে। এগুলো তো মানুষের ব্যবহারের জন্য। দুই বছর আড়াই বছর ধরে কেন আপনারা এগুলো ফেলে রেখেছেন? হোয়াট ইওর প্রবলেম? আপনার সমস্যাটা কি বলেন? 

এছাড়াও পৌরসভার আরো একটি কক্ষে ময়লা আবর্জনা ফেলে রাখায় ক্ষুব্ধ হন লুৎফুজ্জামান বাবর। এ সময় কর্মকর্তাকে ডেকে এনে জিজ্ঞাসা করেন আপনি কতদিন পৌরসভা এসেছেন? এই ভবনের এই অবস্থা কেন। 

এছাড়াও বুধবার দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকার মদন ও মোহনগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেন তিনি। মতবিনিময় কালে বিভিন্ন অনিয়ম নিয়ে কর্মকর্তাদের প্রশ্নের মুখোমুখি করেন।

এসময় বেশ কিছু অনিয়মের কারণে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাবর। সভায় সকলের কাছ থেকে অগ্রগতি সম্পর্কে অবগত হন।

এর আগে নিজের মায়ের নামে প্রতিষ্ঠিত হওয়া হাওর অঞ্চলের নারীদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জুবায়দা রহমান ডিগ্রী কলেজে বৃক্ষরোপণ করেছেন। শিক্ষা প্রসারে বিভিন্ন উদ্যোগের বিষয়ে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন হাওরের ইজারা প্রথা বিষয়টি সময় সাপেক্ষ।
একটি একটি করে ধৈর্য্যশীলতার সাথে মোকাবেলা করা হবে। সড়কে চাঁদাবাজি বন্ধসহ সব ধরনের অনিয়ম দূর করা হবে বলে জানান তিনি।