এএইউবির ২২তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ২২তম একাডেমিক কাউন্সিল সভা বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)।

সভায় উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্বব্যাপী অ্যাভিয়েশন, অ্যারোস্পেস ও স্পেস টেকনোলজির দ্রুত বিকাশের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় ব্যবস্থা, রোবোটিক্স ও ডেটানির্ভর প্রযুক্তির ব্যবহার এ খাতকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। এ বাস্তবতায় উচ্চশিক্ষাকে শুধু প্রচলিত পাঠ্যক্রমে সীমাবদ্ধ না রেখে গবেষণা, উদ্ভাবন ও ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে সমন্বিত করতে হবে।

বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তির সমন্বয়ে এআইনির্ভর বিমান রক্ষণাবেক্ষণ ও পরিচালনা, ডেটা লিংক, মানববিহীন আকাশযান, স্পেস সিস্টেম এবং উন্নত প্রকৌশল নকশাসহ ভবিষ্যৎ প্রযুক্তিতে উচ্চতর গবেষণার সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

ভাইস চ্যান্সেলর উল্লেখ করেন, আধুনিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু বিদ্যমান জ্ঞান বিতরণ নয়; বরং সমসাময়িক ও হালনাগাদ জ্ঞান সৃষ্টি, গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং জাতীয় প্রয়োজনের উপযোগী সমাধান তৈরি করা। এ লক্ষ্য সামনে রেখে এএইউবি অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে দেশীয় সক্ষমতা, প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে।

সভায় ২১তম একাডেমিক কাউন্সিল সভার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে সম্পাদিত গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সংক্ষিপ্তসার উপস্থাপন করা হয়। পাশাপাশি পাঠ্যক্রম উন্নয়ন, উচ্চশিক্ষা ও গবেষণার ভবিষ্যৎ পরিকল্পনা এবং একাডেমিক মানোন্নয়ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

২২তম একাডেমিক কাউন্সিল সভায় এএইউবির সদস্যদের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর প্রতিনিধিত্বকারী একাডেমিক কাউন্সিল সদস্যরা অংশগ্রহণ করেন।