বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত

বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও অংশীজনদের নিয়ে দেশের প্রথম সামাজিক বন্ডের সফল সমাপ্তি উদ্‌যাপন করেছে ব্র্যাক ব্যাংক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে একটি শক্তিশালী ও বহুমুখী বন্ড মার্কেট গড়ে তোলার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ব্যাংকটি।

১ হাজার কোটি টাকা মূল্যমানের ‘ব্র্যাক ব্যাংক সোশ্যাল সাবঅর্ডিনেটেড বন্ড’-এর পুরো অর্থই ৬৬৫ জন বিনিয়োগকারী সাবস্ক্রাইব করেছেন। তাঁদের মধ্যে ৫৯৩ জন ব্যক্তিবিনিয়োগকারী। এই বিপুল সাড়া ব্র্যাক ব্যাংকের প্রতি বিনিয়োগকারীদের আস্থা এবং সামাজিক উন্নয়নমূলক আর্থিক খাতে সাধারণ মানুষের ক্রমবর্ধমান অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেছে।

৯ সেপ্টেম্বর ২০২৬ ‘পায়োনিয়ারিং ইমপ্যাক্ট: সেলিব্রেটিং বাংলাদেশ’স ফার্স্ট সোশ্যাল বন্ড’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগকে স্বীকৃতি দিতে দেশের পুঁজিবাজার ও আর্থিক খাতের ঊর্ধ্বতন ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন। আয়োজনে কীভাবে এ ধরনের থিম্যাটিক বন্ড বাংলাদেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী করতে পারে এবং সামাজিক উন্নয়নে দীর্ঘমেয়াদি তহবিলের জোগান দিতে পারে, তা নিয়ে আলোচনা করা হয়।

ব্র্যাক ব্যাংকের ‘সোশ্যাল বন্ড ফ্রেমওয়ার্ক’-এর অধীনে ইস্যু করা বন্ডটি আন্তর্জাতিক মানদণ্ড ‘আইসিএমএ সোশ্যাল বন্ড প্রিন্সিপলস ২০২৫’ অনুযায়ী ডিজাইন করা হয়েছে। এই ফ্রেমওয়ার্ক বিশ্বের অন্যতম বৃহৎ সেকেন্ড পার্টি অপিনিয়ন (এসপিও) প্রদানকারী সংস্থা ‘এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস’ কর্তৃক স্বাধীনভাবে যাচাই করা হয়েছে।

বন্ডটি বাসেল-৩ নীতিমালার অধীনে ব্যাংকের টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করার পাশাপাশি সংগৃহীত অর্থ নির্দিষ্ট সামাজিক খাতে বিনিয়োগ নিশ্চিত করবে। এসব খাতের মধ্যে রয়েছে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই), কর্মসংস্থান সৃষ্টি, নারী উদ্যোক্তা, কৃষি ও খাদ্যনিরাপত্তা, সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা এবং পানি ও স্যানিটেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার তানভীর হাবিব রহমান, সিপিএ এবং মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে বিনিয়োগকারীদের সম্মাননা জানায় ব্র্যাক ব্যাংক। বন্ড সাবস্ক্রিপশনে সক্রিয় অংশগ্রহণের জন্য যমুনা ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সীমান্ত ব্যাংক পিএলসিকে স্বীকৃতি দেওয়া হয়।

পাশাপাশি সিটি ব্যাংক পিএলসি ও ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রাতিষ্ঠানিক তহবিলকেও স্বীকৃতি দেওয়া হয়। করপোরেট খাতে আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিডিআইপি) এবং ডেলসি কটন স্পিনিং মিলস লিমিটেড সম্মাননা লাভ করে। এ ছাড়া বন্ডটির শীর্ষ সাত ব্যক্তিবিনিয়োগকারীকেও সম্মাননা দেয় ব্র্যাক ব্যাংক।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘দেশের প্রথম সোশ্যাল বন্ডের এই সফল সমাপ্তি ব্র্যাক ব্যাংক এবং দেশের টেকসই অর্থায়ন যাত্রায় একটি বড় মাইলফলক। আরও বড় বিষয় হলো, এটি প্রমাণ করে যে আমাদের বন্ড মার্কেট এমন সব ব্যবসা ও উদ্যোগে মূলধনের জোগান দিতে সক্ষম, যা সমাজে দৃশ্যমান ও পরিমাপযোগ্য ইতিবাচক প্রভাব তৈরি করে। বাংলাদেশের টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ একটি ব্যাংক হিসেবে আমরা নিজেদের কেবল এই বন্ডের ইস্যুকারী মনে করি না, বরং একটি শক্তিশালী ও বহুমুখী বন্ড মার্কেট গড়ে তোলার ক্ষেত্রে একজন সহযোগী হিসেবে দেখি।’

পুঁজিবাজারের সুবিধাকে সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে সফলভাবে যুক্ত করার মাধ্যমে ব্র্যাক ব্যাংক নতুন ধরনের আর্থিক উদ্যোগের পথ তৈরি করছে। এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং সমাজের সব স্তরের মানুষের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করে ব্যাংকটি।