ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে স্কুল, বাজার, বসতভিটা, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আকোটের চর ইউনিয়নের শয়তানখালী এলাকায় পদ্মা নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আকোটের চর জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদীর অব্যাহত ভাঙনে শয়তানখালীসহ আশপাশের এলাকার চার শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, ফসলি জমি, বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। প্রতিবছর নদীভাঙনে অনেক পরিবার তাদের ঘরবাড়ি ও কৃষিজমি হারিয়ে নিঃস্ব হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
শিক্ষার্থীরা বলেন, নদীভাঙনের পাশাপাশি বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ ও তীরবর্তী এলাকায় ভাঙনের তীব্রতা আরও বাড়ছে। অবৈধ এসব বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানান শিক্ষার্থীরা।
স্থানীয় আকোটের চর জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী সিকদার বলেন, পদ্মার ভাঙন রোধে দ্রুত স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙনকবলিত এলাকা সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের মাধ্যমে এ দাবি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।