নতুন ঘরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে নতুন ঘরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তমাল রুরাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত তমাল পশ্চিম বিজয়পুর গ্রামের ক্যামেল চাম্বুগংয়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নতুন ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য পাহাড়ের ওপরে থাকা বাবার ঘর থেকে বৈদ্যুতিক তারের মাধ্যমে সংযোগ আনছিলেন তমাল। এ সময় কাজ করতে গিয়ে তিনি অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ বাড়ি নিয়ে গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।