চীনের মোকি শহরে চলমান অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশের নারী ও পুরুষ দলের জন্য গতকাল বৃহস্পতিবার দিনটি ছিল হতাশার। নারী দল কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জাপানের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে। অন্যদিকে পুরুষ দলও আজ বিশ্বকাপের টিকিট পাওয়ার শেষ লড়াইয়ে জাপানের মুখোমুখি হওয়ার অপেক্ষায়।
নারী দল অবশ্য গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিল। চ্যালেঞ্জার পুলে চার ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশের মেয়েরা। হংকংকে ৬-০ গোলে হারানোর ম্যাচে শারিকা রিমন, আইরিন রিয়া ও মোসাম্মত লিমাদের গোলে বড় জয় পেয়েছিল দল। তবে কোয়ার্টার ফাইনালে জাপানের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশের মেয়েরা লড়াই করলেও গোলের দেখা পায়নি। বিপরীতে জাপান দুটি গোল করে জয় নিশ্চিত করে। ফলে সেমিফাইনালের পাশাপাশি বিশ্বকাপে খেলার সম্ভাবনাও হাতছাড়া হয়েছে বাংলাদেশের নারী দলের। তবে বিশ^কাপের স্বপ্নভঙ্গ হলেও টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের অভিযান এখনো শেষ হয়নি। ১১ সেপ্টেম্বর স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়া অথবা দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে জিতলে পঞ্চম স্থান অর্জন করবে বাংলাদেশ।
অন্যদিকে পুরুষ অনূর্ধ্ব-২০ দলও গ্রুপ পর্বে প্রত্যাশিত ফল পায়নি। শেষ গ্রুপ ম্যাচে পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে যায় তারা। এই হারের পর পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান। সেই ম্যাচটিই এখন পুরুষ দলের বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখার শেষ সুযোগ। জাপানকে হারাতে পারলে যুব বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। জাপান ম্যাচকে তাই ‘ডু অর ডাই’ হিসেবে দেখছেন পুরুষ দলের কোচ মওদুদুর রহমান শুভ। তিনি বলেন, ‘আমরা জাপানের বিপক্ষে জয় ছাড়া আর কিছু ভাবছি না। শেষ ম্যাচে আর কোনো ভুল করা যাবে না। আমরা আশাবাদী। এখনো টিকে আছি এবং জাপানকে হারিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করার চেষ্টা করব।’