ঢাকাই সিনেমার অ্যাকশন তারকা রুবেল দীর্ঘ দেড় যুগের বিরতি কাটিয়ে আবারও ফিরছেন পরিচালনায়। ২০০৮ সালে ‘রক্ত পিপাসা’ নির্মাণের পর দীর্ঘ ১৮ বছর ক্যামেরার পেছনে দেখা যায়নি তাকে। নতুন সিনেমা ‘ছায়া : দ্য শ্যাডো’ দিয়ে আবারও পরিচালকের আসনে বসছেন এই অভিনেতা।
ভাইরাসকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিতব্য এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জয় চৌধুরী। গল্পের প্রয়োজনে তাকে দেখা যাবে একজন ‘সুপার হিউম্যান’ চরিত্রে। তার বিপরীতে বাংলাদেশ ও কলকাতা থেকে দুজন নায়িকা নেওয়ার পরিকল্পনা রয়েছে। অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরু হবে দৃশ্যধারণের কাজ।
‘বিচ্ছু বাহিনী’ ও ‘বাঘে বাঘে লড়াই’ খ্যাত রুবেলের এই ফেরা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।