কাভার্ডভ্যানের ধাক্কায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন মোটরসাইকেল চালকের

চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় সোহাগ মিঞা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনায় সুমন মিঞা নামে আরও একজন আহত হয়েছেন।

নিহত মো. সোহাগ (২৬) হবিগঞ্জের সুনেশ্বর এলাকার আক্তার হোসেনের ছেলে। তবে আহতের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সোহাগ মিঞা ও সুমন মিঞা মোটরসাইকেলে করে কেরানিহাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় আহত সুমন মিঞাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। প্রাথমিকভাবে জানা গেছে যে অটোরিকশাকে ওভারটেক করার সময় কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে  কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।