হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৬৫ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। হাম শনাক্ত হয়েছে ২৯ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৯ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০০ শিশুর। বাকি ৯০৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্র প্রকাশিত হাম পরিস্থিতিবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৯ হাজার ৯৩৩ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের তিনজন ঢাকায়, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনায় ১ জন করে। ২৪ ঘণ্টায় হামের উপসর্গের বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে; ৪২১ জন। যে ২৯ জনের হাম শনাক্ত হয়েছে সবাই ঢাকা বিভাগের।