শিল্পী শাহাবুদ্দিনের ৭৭তম জন্মদিন

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ৭৭তম জন্মদিন আজ। ১৯৫০ সালে এই দিনে নরসিংদী জেলায় রায়পুরা উপজেলার আলগী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে শিল্পীর গ্রামে নিজের প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা তায়েবউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মাত্র ২১ বছর বয়সে প্লাটুন কমান্ডার হিসেবে ২ নং সেক্টেরের অধীনে ঢাকা শহর এবং অন্য স্থানে সম্মুখ এবং গেরিলা যোদ্ধা হিসেবে নেতৃত্ব প্রদান করেন। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা এই দুই অনুষঙ্গই তার চিত্রকার্যের প্রধান উপাদান। তার সঙ্গে ইউরোপীয় চিত্রকলার ঐতিহ্যের মিশ্রণ তার চিত্রকর্মকে করে তুলেছে ভিন্নধর্মী। দেশে বিদেশে একক এবং যৌথভাবে বিভিন্ন চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

তিনি ১৯৬৮ সালে পাকিস্তানের শ্রেষ্ঠ শিশু চিত্রশিল্পী হিসেবে প্রেসিডেন্ট স্বর্ণ পদক, ১৯৭৩ সালে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী স্বর্ণপদক, ১৯৭৫ সালে ফ্রান্সের সেলোন দো প্রিন্টক্যাম্প স্বর্ণ পদক, ১৯৮১ সালে শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে উপরোক্ত স্বর্ণপদক আবার লাভ করেন। ১৯৯২ সালে বার্সিলোনা অলিম্পিকে বিশ্বের শ্রেষ্ঠ ৫০ জন মাস্টার পেইন্টারদের মধ্যে একজন হিসেবে অংশগ্রহণ করেন। ২০০০ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ২০১৪ সালে ফ্রান্স সরকার কর্র্তৃক চিত্রকলায় অসামান্য অবদানের জন্য সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান নাইট ইন দি অর্ডার অব দ্যা আটর্স অ্যান্ড লিটারেচার পুরস্কার লাভ করেন। ১৯৭৪ সাল থেকে তিনি ফ্রান্সে বসবাস করছেন।