গোপালগঞ্জে চুরি-ছিনতাই করা মালামালসহ গ্রেপ্তার ১

প্রবাসীদের কাছ থেকে চুরি-ছিনতাই করা একাধিক আইফোন, বিদেশি নানা ব্রান্ডের বেশ কিছু মোবাইল ও বিদেশি মুদ্রাসহ আলামিন শেখ (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর এলাকায় আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলামিন শেখ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত। তাছাড়া সে গাড়ির ড্রাইভার হিসাবে ঢাকা বিমান বন্দর এলাকায় বিদেশ থেকে ফেরৎ প্রবাসীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত। তার নামে এরআগে ৬টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় তার অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামি আলামিন শেখকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ অনেক তথ্য পেয়েছে। তার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে আরো অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস ব্রিফিং-এর সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ মো. হাসানুর রহমান, ডিবির (ওসি) অফিসার ইনচার্য নয়ন চন্দ্র দেবনাথসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।