ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৫

ইউক্রেনের দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরের একটি ব্যস্ত শপিং মলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনের বেলায় মানুষের ভিড়ের মধ্যে এই ভয়াবহ হামলা চালানো হয়। এ বিষয়ে আঞ্চলিক গভর্নর ওলেকসান্দার হানঝা জানিয়েছেন আহতদের মধ্যে আটটি শিশু রয়েছে। 

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি বলেন, দিনদুপুরে সড়কে সাধারণ মানুষের ভিড়ের মধ্যে যানবাহন ও দোকানপাট লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা যায়, ইউক্রেইনের জরুরি সেবা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায়, মূল রাস্তা ও শপিং মলের সামনে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ধোঁয়ার মধ্যে তা নেভানোর চেষ্টা করছেন।

এই হামলায় গভীর শোক প্রকাশ করে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘দোকানপাটের কাছে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা নিরীহ মানুষকে হত্যা করতে ড্রোন ব্যবহার করেছে রাশিয়া।’

এ হামলাকে রাশিয়ার ‘জোরজবরদস্তির কৌশল’ আখ্যা দিয়েছেন ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। তিনি বলেন, ‘বেসামরিক নাগরিকদের ওপর লাগাতার হামলা চালিয়ে ইউক্রেইনীয়দের ক্লান্ত করা এবং ইউক্রেইনকে ছাড় দিতে বাধ্য করাই রাশিয়ার মূল উদ্দেশ্য।’

অন্যদিকে রাশিয়ার তরফ থেকেও নিজেদের ভূখণ্ড ও অধিকৃত অঞ্চলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির দাবি করা হয়েছে। রুশ কর্মকর্তারা জানান, বুধবার রাতে কৃষ্ণসাগরের সোচি রিসোর্ট শহরের উপকূলে ইউক্রেইনীয় সামুদ্রিক ড্রোন হামলায় দুই শিশুসহ ২৮ জন আহত হন।

বৃহস্পতিবার বেলগোরোদ অঞ্চলের নোভি ওস্কোল শহরে ইউক্রেইনীয় ড্রোন হামলায় একজন নিহত ও ছয়জন আহত হন।

এছাড়া রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝঝিয়ায় একটি গাড়িতে ইউক্রেইনীয় হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরী নিহত এবং ৬ বছরের এক শিশুসহ দুই নারী আহত হন। ওই একই অঞ্চলে বেসামরিক ট্রাকে পৃথক হামলায় আরেকজন নিহত হন বলে জানিয়েছে মস্কো।