পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ৪টি ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় চেয়ারম্যান পদের পরিবর্তে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসক নিয়োগকৃত ইউনিয়নগুলো হলো নাজিরপুর সদর, সেখমাটিয়া, মাটিভাঙ্গা ও মালিখালী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ-১ এর উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রেসের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা এস এম মেহেদী হাসান, সেখমাটিয়া ইউনিয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান, মাটিভাঙ্গা ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মঞ্জুর এলাহি ও মালিখালী ইউনিয়নে উপজেলা আই, সিটি কর্মকর্তা লিডাম পল বালাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সদ্যবিদায়ী নাজিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাসেল সিকদার জানান, উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেছি। সাধ্যমত ইউনিয়নবাসীর সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। সামনে আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে। যদি জনগণ আমার উপর আস্থা রাখে তবে তাদের আস্থার প্রতিদান দিবো।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উল্লিখিত প্রশাসকগণ নিয়োগের তারিখ হতে স্থানীয় সরকার আইন ২০২৪ এর ১৮(১) ধারা মোতাবেক কেবলমাত্র ১( এক) মেয়াদে ১২০ দিনের অধিক সময় দায়িত্বে থাকতে পারবেন না। এতে আরও উল্লেখ করা হয়, কোন দৈব -দুর্বিপাক, অতিমারী, মহামারী ইত্যাদি কারনে এই আইনের বিধান মোতাবেক নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হলে মেয়াদ বৃদ্ধির কারন যথাযথভাবে উল্লেখপূর্বক সরকারের অনুমতি গ্রহণ করতে হবে।