মুন্সীগঞ্জে চোরাই মিশুকসহ পেশাদার চোর গ্রেপ্তার

মুন্সীগঞ্জে পেশাদার ব্যাটারি চালিত মিশুক চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত অটো মিশুক উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আলম (৩০)। সে জেলার গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের মৃত উকিল উদ্দিনের ছেলে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের বিভিন্ন অভিযান ও তল্লাশি কার্যক্রম চলাকালে সদর উপজেলার আধারা ইউনিয়নের তাঁতীকান্দি এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় মো. আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চুরি যাওয়া ব্যাটারিচালিত  মিশুক উদ্ধার করা হয়। 

পুলিশের তথ্যমতে, মুন্সীগঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকার নজরুলের অটোরিকশার গ্যারেজের তালা ভেঙে ওই মিশুকটি চুরি করা হয়েছিল। পরে চুরি করা মিশুক নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে।

উদ্ধার করা মিশুকটি ফুলবডি ব্যাটারিচালিত অটো মিশুক বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানানো হয়েছে।