পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক ১

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়াসহ ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় হরিণের মাংস পরিবহনে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার দক্ষিণ চরদুয়ানীর কালিয়ার খাল এলাকায় এ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ার খাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় চার লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটে থাকা ইব্রাহিমকে আটক করা হয়। আটক ইব্রাহিম পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মুনসুর বিশ্বাসের ছেলে।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা হরিণের মাংস, চামড়া, মাথা ও বোটসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।