শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দিবস আজ

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজত জয়ন্তী পালিত হচ্ছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় একাডেমিক ভবনের সামনে বেলুন ও কবুতর উড়িয়ে দিনব্যাপী উদযাপনের সূচনা করা হয়।

এরপর একটি আনন্দ শোভাযাত্রা বের করে শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব খামারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

কৃষি বিশ্ববিদ্যালয় রূপে ২৫ বছর পূর্ণ করলেও কৃষিশিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে উপমহাদেশের কৃষি বিদ্যাপীঠ হিসেবে এর শেকড় প্রায় ৮৮ বছরের পুরোনো। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মাঝে মিষ্টি বিতরণ ও কেক কাটা হয়। পরবর্তীতে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে প্রতিষ্ঠানের ২৫ বছরের পথচলা ও অর্জন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে সন্ধ্যায় টিএসসি অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।