গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) বুকাভু শহরে দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিক্ষার্থীসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে শহরের চিম্পুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত উজামা প্রাথমিক বিদ্যালয় ও ফুরাহা মাধ্যমিক বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে আশপাশের বসতিতেও আগুন ছড়িয়ে পড়ে।
আতঙ্কে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে অনেকে বের হওয়ার সময় পদদলিত হন। এতে কয়েকজনের মৃত্যু হয়। অনেক শিক্ষার্থী ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়ে।
স্থানীয় একটি ক্লিনিকের নার্স ক্রিস্টোফ জিগাশানে জানান, প্রায় ৫০ জন শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষককে গুরুতর শ্বাসকষ্টের অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজন ঘটনাস্থলে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দক্ষিণ কিভু প্রদেশের উপ-গভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েংয়ে জানান, আগুনে দুটি স্কুলের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের ঘর পুড়ে গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। আগুনের সূত্রপাতের কারণও জানা যায়নি। এএফসি/এম২৩ জানিয়েছে, জরুরি দল আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনার তদন্ত চলছে।