গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলের পর ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুতিদের নিয়ন্ত্রণে বলে খবর পাওয়া যাচ্ছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব আল-মানদেব প্রণালির ওপরও তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে। খবর আল জাজিরার।
হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহ জানিয়েছে, সৌদি সামরিক বাহিনী ইয়েমেনের মোখা বিমানবন্দরে দুটি বিমান হামলা চালিয়েছে।
এদিকে হুতি যোদ্ধারা এখন বাব আল-মানদেব প্রণালির মুখে অবস্থিত ইয়েমেনের পেরিম দ্বীপেও অগ্রসর হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইয়েমেন সরকারের চারটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তারা।
পেরিম দ্বীপে হুতিদের অগ্রসর হওয়ার ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যপথ বাব আল-মানদেবের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। লোহিত সাগর ও ভারত মহাসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে বিপুল পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য পরিবহন করা হয়।
হুতিদের নিয়ন্ত্রণে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বিস্তৃতি নিয়ে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি 'ইয়েমেনের বীর জনগণের বিজয়' বলে অভিহিত করে হুতিদের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'অতীতের মতোই অঞ্চলটির শাসকদের প্রতি আমাদের বার্তা হলো—বিবেকবোধ ও যুক্তির পথে আসুন, নির্ভরশীলতা থেকে মুক্ত হন এবং ইসলামের পতাকার নিচে ঐক্যবদ্ধ হন।'
এদিকে দক্ষিণ লেবাননের মানসুরি এবং টায়ার শহরের কাছাকাছি এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
এনএনএ বলেছে, মানসুরিতে চালানো বিমান হামলায় 'অবকাঠামো ও আবাসিক এলাকাগুলো' লক্ষ্য করা হয়েছে। টায়ারের দক্ষিণে চালানো হামলাতেও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এ ছাড়া মেইস এল জাবাল শহরের কাছাকাছি এলাকায় ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে বলেও জানিয়েছে এনএনএ।