মাদকাসক্ত ছেলের ভয়ে ১৫ দিন ধরে ঘরছাড়া দম্পতি

মাদকাসক্ত ছেলের নির্যাতনের ভয়ে ১৫ দিন ধরে নিজ বাড়িতে ফিরতে পারছেন না মানিকগঞ্জের ঘিওর উপজেলার এক দম্পতি। নেশার টাকার জন্য মারধর, ভাঙচুর ও হুমকির অভিযোগে তারা বাড়ি ছেড়ে স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

ভুক্তভোগী দম্পতি খন্দকার জনু (৬০) ও তার স্ত্রী ছালমা আক্তার (৫০)। তাদের ছেলে সালমান (২২) চার-পাঁচ বছর ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মাদকের টাকা জোগাড় করতে সালমান প্রায়ই বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করতেন। প্রায় এক বছর আগে তাকে একটি নিরাময় কেন্দ্রে পাঠানো হলেও ফিরে এসে তার আচরণে পরিবর্তন আসেনি।

সর্বশেষ ১৫ দিন আগে বাবা-মাকে মারধরের পর তারা প্রাণভয়ে বাড়ি ছেড়ে পয়লা ইউনিয়নের বাংগালা পূর্বপাড়া গ্রামের এক স্বজনের বাড়িতে আশ্রয় নেন। নিরাপত্তার আশঙ্কায় এরপর থেকে আর বাড়িতে ফেরেননি।

ভুক্তভোগী দম্পতি জানান, নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও ছেলের ভয়ে অন্যের বাড়িতে থাকতে হচ্ছে। তারা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ না পেলেও বিষয়টি তাদের জানা রয়েছে। খোঁজখবর নিয়ে দ্রুত অভিযুক্ত সালমানকে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে।