পটুয়াখালীতে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে শাকিল (২২) নামে এক রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা ইউসুফ ও রুমা নামে দুজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে শহরের পায়রা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার আবুল কালাম সরদারের ছেলে। তিনি টিউবওয়েল স্থাপনের কাজ করতেন।
শাকিলের মা হোসনেয়ারা বেগম জানান, বিষপানের পর শাকিলকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্সে তার মা, চাচিসহ ছয়জন ছিলেন। পায়রা পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে শাকিল গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পটুয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক ডা. জাকের হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, বিষপানের কারণে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আমখোলা থেকে বিষপানের চিকিৎসার জন্য শাকিলকে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে বাসের সঙ্গে সংঘর্ষে তিনি মারা যান। দুর্ঘটনায় ইউসুফ ও রুমা আহত হয়েছেন।