বরগুনার আমতলী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৭-২০২৮ সেশনের নবগঠিত কমিটির বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা কাজী আল আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত ৭ সেপ্টেম্বর আমতলীর রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে বিকেল ৪টায় ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরগুনা জেলা কমিটি নবগঠিত কমিটিতে ত্যাগী নেতাদের বঞ্চিত এবং ভোগী নেতাদের মূল্যায়ন করেছে। নিষ্ক্রিয় থাকা নেতাকর্মীদেরও গুরুত্বপূর্ণ পদে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হওয়ার চরম আশঙ্কা রয়েছে।
তাই বঞ্চিত নেতাকর্মীরা বিতর্কিত কমিটি ভেঙে দিয়ে পুনরায় কমিটি গঠন করার জন্য বরগুনা জেলা ও কেন্দ্রীয় কমিটির প্রতি অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে নবাগত কমিটির সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী মুঠোফোনে বলেন, প্রেস বিজ্ঞপ্তিতে যা উল্লেখ করা হয়েছে, তার অধিকাংশই সত্য বলে স্বীকার করেন।
বরগুনা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুস শাকুর মুঠোফোনে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
বরগুনা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওলানা মো. রেজাউল করিম মুঠোফোনে কমিটি গঠনে অনিয়মের বিষয় অস্বীকার করে বলেন, সংগঠনের নিয়ম-নীতিমালা অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।