মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযান

৩২.৫ টন সিমেন্টসহ আটক ৫, পাচার হচ্ছিল মিয়ানমারে

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রামগতি থানার চর আবদুল্লাহসংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এসব সিমেন্টের মোট ওজন ৩২ হাজার ৫০০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা।

আটক ব্যক্তিরা হলেন—নোয়াখালীর হাতিয়ার শাহদাত হোসেন (৪০) ও ফোরকান (৪৭), পটুয়াখালীর গলাচিপার হারুন অর রশিদ ওরফে বাবুল (৪২), ভোলার লালমোহনের মো. আরিফ (২৫) এবং নোয়াখালীর চরজব্বারের জামসেদ (৩২)।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।