আল্ট্রাসাউন্ডের মানোন্নয়নে জাতীয় সম্মেলন

‘আল্ট্রাসাউন্ড ফার্স্ট, আল্ট্রাসাউন্ড লাস্ট’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনোগ্রাফির (বিএসইউ) উদ্যোগে ৩৮তম জাতীয় সম্মেলন ও আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ, চিকিৎসক ও শিক্ষাবিদরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বাংলাদেশে আল্ট্রাসনোগ্রাফি সেবার প্রসারে বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনোগ্রাফির ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে এ সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিএসইউর সভাপতি বলেন, ‘আল্ট্রাসাউন্ড ফার্স্ট, আল্ট্রাসাউন্ড লাস্ট’ এবারের সম্মেলনের মূল দর্শন। রোগ নির্ণয় ও চিকিৎসায় নিরাপদ, সহজলভ্য, পুনরাবৃত্তিযোগ্য এবং রোগীবান্ধব আল্ট্রাসাউন্ড প্রযুক্তির সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করাই এর লক্ষ্য। এ ধরনের আন্তর্জাতিক আয়োজন দেশের আল্ট্রাসোনোগ্রাফি শিক্ষার মানোন্নয়ন এবং চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনে আধুনিক আল্ট্রাসনোগ্রাফির বিভিন্ন দিক, নতুন প্রযুক্তি, রোগ নির্ণয়ে আল্ট্রাসাউন্ডের ভূমিকা এবং চিকিৎসা সিদ্ধান্ত গ্রহণে এর ব্যবহার নিয়ে বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি চিকিৎসকদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণেরও আয়োজন করা হয়।

সম্মেলনের প্রথম দিনে ‘আল্ট্রাসাউন্ড ইন আর্লি প্রেগন্যান্সি: ডিসিশন-মেকিং’ শীর্ষক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বক্তব্য দেন ডা. কুলদীপ সিং। প্রাথমিক গর্ভাবস্থায় আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে বিভিন্ন জটিল পরিস্থিতি মূল্যায়ন এবং সঠিক সময়ে চিকিৎসা সিদ্ধান্ত নেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

আন্তর্জাতিক পর্বে ‘দ্য ভ্যালু অব দ্য মাল্টিপ্যারামেট্রিক আল্ট্রাসাউন্ড ফর অ্যাসেসিং ক্রনিক লিভার ডিজিজেস’ শীর্ষক উপস্থাপনা করেন ভিয়েতনামের বিশিষ্ট আল্ট্রাসাউন্ড বিশেষজ্ঞ অধ্যাপক কুয়ান ফুওক বাও নগুয়েন। তিনি ভিয়েতনাম সোসাইটি অব আল্ট্রাসাউন্ড ইন মেডিসিনের সভাপতি এবং এএফএসইউএমবির শিক্ষা কমিটির চেয়ারম্যান। দীর্ঘমেয়াদি লিভার রোগ নির্ণয়, রোগের মাত্রা নির্ধারণ এবং চিকিৎসা ব্যবস্থাপনায় মাল্টিপ্যারামেট্রিক আল্ট্রাসাউন্ডের সম্ভাব্য ভূমিকা তুলে ধরেন তিনি।

এ ছাড়া সম্মেলনে আর্লি প্রেগন্যান্সি, ক্রনিক লিভার ডিজিজ, ইলাস্টোগ্রাফি, ডপলার ও ইন্টারভেনশনাল আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে এ সম্মেলন বাংলাদেশের চিকিৎসকদের আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে দেশে আধুনিক আল্ট্রাসাউন্ড শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল প্রয়োগ আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।