গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকব: নাহিদ ইসলাম

দেশের গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিরোধী দল রাজপথে সক্রিয় থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের সাতারকুল স্কুল অ্যান্ড কলেজে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার শাসনামল থেকেই দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট চলে আসছে। ওই সময় দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে। এখনো সেই সংকট ও অনিয়মের অনেকটাই রয়ে গেছে।

তিনি বলেন, গত সাত মাসে সরকার যথাযথ উদ্যোগ নিলে গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলা করা সহজ হতো। এসব সমস্যা সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নাহিদ ইসলাম বলেন, গত নির্বাচনে সাতারকুলের মানুষ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও জনগণ তাদের নির্বাচিত করবে না।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, সরকারি দলের মতো বিরোধী দল উন্নয়ন বরাদ্দ পায় না। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও এলাকার উন্নয়নে প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। উন্নয়নের স্বার্থে সরকার ও বিরোধী দলের জন্য সমান বরাদ্দ নিশ্চিত করা উচিত।