গান নিয়ে বিশ্ব সফরে দেশের ব্যান্ড লিজেন্ড মাহফুজ আনাম জেমস। টানা দুই মাস ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালির প্রাণে উন্মাদনা ছড়ানোর পর এবার অস্ট্রেলিয়া মিশন শুরু করছেন তিনি। আগামীকাল ১২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ঝড় তুলতে প্রস্তুত নগরবাউল। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তার কনসার্ট। আয়োজনে জেমসের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ফসিলসের শিল্পী রূপম ইসলাম।
কনসার্ট উপলক্ষে আয়োজকদের প্রকাশিত এক ভিডিও বার্তায় সিডনিতে পৌঁছে যাওয়ার খবর জানিয়েছেন জেমস। পাশাপাশি ভক্তদেরও অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ভিডিও বার্তায় জেমস বলেন, ‘আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।’
জেমস ও রূপম ইসলামের ভক্তদের জন্যও এই আয়োজন বিশেষ। জানা গেছে, সিডনি ছাড়াও অষ্ট্রেলিয়ার একাধিক শো করবেন জেমস। পাশাপাশি অন্যান্য দেশেও পারফর্ম করার কথা রয়েছে গুরু-খ্যাত তারকা জেমস। গত জুলাই মাসের শেষ সপ্তাহে (২৫ জুলাই লন্ডনে) জেমসের এই ইউরোপ সফর শুরু হয়। এই সফরে তিনি লন্ডন, রোম ও সুইডেনসহ ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে তার বিখ্যাত ও কালজয়ী গানগুলো পরিবেশন করেন।