করোনা মহামারীর জরুরি ত্রাণ তহবিল ব্যক্তিগত স্বার্থে ব্যবহার ও আত্মসাতের দায়ে মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএএম) সাবেক সভাপতি বাসাম আদিল জলিলকে সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে তাকে ১০ লাখ সুইস ফ্রাঙ্ক (প্রায় ১২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।
অর্থ পাচার, তছরুপ ও দুর্নীতির অভিযোগে তদন্ত চলাকালেই জলিল সাময়িক বরখাস্ত ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিফার অর্থ নিজের অ্যাকাউন্টে জমা করা এবং কোভ্যাক্স/করোনা ত্রাণ তহবিলের টাকায় ব্যক্তিগত ফ্ল্যাট কেনার অপরাধে আদালত তাকে মোট ৩২ বছরের কারাদণ্ড দেয়। চিকিৎসকদের সুপারিশে গত মাসে তাকে কারাগার থেকে গৃহবন্দি অবস্থায় স্থানান্তরিত করা হয়।
জলিলের পাশাপাশি এফএএম-এর সাবেক অর্থ ও প্রশাসন বিষয়ক পরিচালক মোহাম্মদ আকিলকে ১০ বছরের জন্য নিষিদ্ধ এবং ১ লাখ সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছে ফিফা। জাল কাগজপত্র তৈরি, তহবিলের অপব্যবহার গোপন করা এবং ফিফার স্বাধীন এথিকস কমিটিকে সহযোগিতা না করায় তার বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করা হয়।