অবসরকালীন ভাতা চালু করা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে। তবে পরবর্তী সরকার এটি বন্ধ রেখেছিল বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, গত কয়েক দিন আগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অবসরকালীন ভাতার জন্য ৪ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরামপুর পৌর শাখার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষকবান্ধব ও জনবান্ধব সরকার। আগামী চার বছরের মধ্যে দেশের সব ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের ভাতার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এ সময় অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাদের ছেলেরা স্কুলে যায় কি না, সে বিষয়ে অভিভাবকদেরই খোঁজ রাখতে হবে।
বিরামপুর পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মহিবুর এলাহী চৌধূরী রবিনের সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভামঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা. জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, অঙ্গসংগঠনের পৌর নেতৃবৃন্দ এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সমাবেশে বিরামপুর পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীদের পাশাপাশি অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।