‌‘১৭ বছর মতপ্রকাশের স্বাধীনতা ও নৌকা বাইচের আনন্দ থেকে মানুষ বঞ্চিত ছিল’

দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি এবং নৌকা বাইচের মতো আনন্দ-উৎসব আয়োজন থেকেও বঞ্চিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জয়নুল আবেদীন এমপি বলেন, আনিসুর রহমান তালুকদার খোকন সংসদ সদস্য নির্বাচিত হতে পেরেছেন বলেই এমন একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। তিনি চমৎকার এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি।

বাঙালির লোকজ ঐতিহ্যের কথা তুলে ধরে জয়নুল আবেদীন বলেন, নৌকা বাইচ বাঙালির শত বছরের প্রাণের ঐতিহ্য। বিগত দিনে এই ঐতিহ্য প্রায় হারিয়ে যেতে বসেছিল। অতীতে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ও আনন্দের সঙ্গে নৌকা বাইচ উপভোগ করতে দেখা যেত। খোকন তালুকদার কালকিনিতে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য আবার ফিরিয়ে এনেছেন বলেও উল্লেখ করেন তিনি।

নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি। এ ছাড়া বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আড়িয়াল খাঁ নদীর দুই পাড়ে উপচে পড়া হাজারো উৎসুক মানুষের করতালি ও উল্লাসে আনন্দঘন পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।