সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ ও দৃঢ় অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) দায়িত্বপূর্ণ খুরমী বিওপির দক্ষিণ দিকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে কালিন্দী নদীর মধ্যবর্তী চর এলাকার ‘বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট’ নামক স্থানে এ ঘটনা ঘটে।
নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিড বোটে করে অজ্ঞাত ১০-১২ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।
বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরে আসার পর বিজিবি সদস্যরা স্পিড বোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা অনুপ্রবেশে সরাসরি বাধা দেন।
বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়। পরে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ।
লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা ও প্রচলিত দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন করে যেকোনো ধরনের পুশ-ইনের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।
দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম বহুগুণ জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।