শাহজালালে ১ কোটি ৩৬ লাখ টাকার সোনা জব্দ, আটক ৩

হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ তিনজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তাররা হলেনÑ নাসির মোল্লা, সোহাগ শেখ ও হাছান মিয়া।

গতকাল শুক্রবার এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির জানান, বিমানবন্দরের গোলচত্বর সংলগ্ন উত্তর পাশের ফুটপাতে সন্দেহভাজন হিসেবে ঘুরাঘুরি করছিলেন তিন ব্যক্তি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সুকৌশলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। স্বর্ণালংকারগুলো ২১ ও ২২ ক্যারেটের। বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে একই কৌশলে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।