চট্টগ্রামে দুই শিশুকে বাঁচাতে গিয়ে দেলোয়ার হোসেন মিন্টু নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রাহাত নামে ১০ বছরের এক শিশুর এক হাত ও এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন মিন্টু ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দা এবং পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন। দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে ষোলশহর রেলওয়ে স্টেশনে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রেললাইনের আশপাশে চটপটি খেতে গিয়ে রাহাত একপর্যায়ে রেললাইনে উঠে পড়ে। এ সময় কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি চলে আসতে দেখে শিশুটিকে বাঁচাতে ছুটে যান মিন্টু। তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করার সময় তিনি নিজেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে বলেন, রেলক্রসিং দিয়ে নামাজ পড়ে যাওয়ার সময় শিশুদের বাঁচাতে গিয়ে মধ্যবয়সী এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান। আহত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, ষোলশহর রেলওয়ে ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে শিশু রাহাত গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৬ নম্বর ওয়ার্ডে পাঠান। দুর্ঘটনায় রাহাতের একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।